জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশনের পক্ষে সমাপনী যুক্তিতর্ক তুলে ধরবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিচারিক কার্যক্রমটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।

কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত হবেন জিয়াউল আহসান। এ সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও আদালতে উপস্থিত থাকার কথা রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুমের পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার নামে শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অভিযোগে গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবন এলাকার কথিত অভিযানের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।

আজকের সমাপনী যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন হতে যাচ্ছে।