
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পল্লী ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পল্লবীর কথিত কিশোর গ্যাংয়ের নেতা এবং কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ একাধিক বাসায় তল্লাশি করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির মতো অপরাধ দমন করা। তল্লাশির সময় কয়েকটি বাসা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং নাকফুলসহ বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
