অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার, আটক

লেখক:
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সংগঠনের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও সংগঠনের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে বিদেশ যেতে আগ্রহী এক ব্যক্তির পাসপোর্ট জমা, ওয়ার্ক পারমিট ও ভিসা সংগ্রহ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমইটি কার্ডসহ বিভিন্ন প্রক্রিয়া নিয়ে কথোপকথন শোনা যায়। সেখানে এসব কাজের জন্য প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বাকি অর্থ পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে পরিশোধের কথাও বলা হয়।
অডিওতে ফারুক হোসেনকে ওই অর্থ নেওয়ার বিষয়ে দলটির নেতা ভিপি নুরের নির্দেশ রয়েছে বলে দাবি করতে শোনা যায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তার দাবি, স্থানীয় একটি চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং আটক ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।