কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৫ জনের

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের আধা ঘণ্টারও বেশি সময় লাগে। সকাল ৮টার দিকে শুরু হয় উদ্ধার অভিযান।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত চলছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে রিসোর্টটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজও চলছে।