
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী এলাকায় দুর্বৃত্তদের হামলায় রাজিব হোসেন নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় শাপলা স্টিল ওয়ার্কশপের কাছে ঘটনাটি ঘটে।
রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ভূঞাপুর থেকে বালুবাহী ট্রাক নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথে এলেঙ্গায় ট্রাক থামিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালিহাতী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী জানিয়েছেন, ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
