আখাউড়ায় আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা, সংঘর্ষে আহত ৭ পুলিশ

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলী নামের ওই ব্যক্তিকে আটক করে আখাউড়া থানা পুলিশ। তিনি সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর ছায়েব আলীকে থানায় নেওয়ার পথে তার অনুসারীরা পুলিশের কাজে বাধা দেন এবং হামলা চালান। পরবর্তী সময়ে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে তাকে পুলিশের হেফাজত থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে থানায় দায়িত্ব পালনরত অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে থানায় আনার সময় তার লোকজন পুলিশের ওপর চড়াও হন। পরে থানায় গিয়েও তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় সংঘর্ষ ও ধস্তাধস্তিতে সাত পুলিশ সদস্য আহত হন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ছায়েব আলীকে ওই রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।