আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ জেলায় বিজিবির ৯০ প্লাটুন মোতায়েন

লেখক:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ দেশের সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন এলাকায় মোট ৯০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির সহায়তায় নজরদারি চালানো হচ্ছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতির সরাসরি চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।