
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার ৩৬ জন আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাবেদের স্ত্রী রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান, সাবেক পরিচালক ও কয়েকজন সাবেক কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে, অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। বিচার চলাকালে মোট ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে ওই ঋণের অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাঠানো হয়। বিদেশে সম্পদ কেনার ক্ষেত্রেও এসব অর্থ ব্যবহার করা হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
