
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাতভর বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মিল্লাত ক্যাম্পের আশপাশের কয়েকটি মোড়ে এ কার্যক্রম পরিচালনা করে পল্লবী থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের থামিয়ে পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ ও প্রয়োজন অনুযায়ী তল্লাশি করা হয়।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধীদের শনাক্ত করতে এ ধরনের তৎপরতা জোরদার করা হয়েছে। মিরপুর জোনের পুলিশের একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
