২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ

লেখক:
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

২০২৮ সাল থেকে দেশের স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় ভালো করলেই হবে না, তাদের মানবিক গুণাবলিও অর্জন করতে হবে। মানুষের পাশাপাশি প্রকৃতি, পশু-পাখি ও জীববৈচিত্র্যের প্রতিও যত্নশীল হওয়ার শিক্ষা শিশুদের দিতে হবে।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা অন্যের প্রতি সহানুভূতিশীল হয় এবং প্রাণী ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করে।
শিশুদের নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ গান পছন্দ করলে গান করবে, কেউ বাদ্যযন্ত্র বাজাতে চাইলে সেটি শিখবে। শিশুদের যে বিষয়ে আগ্রহ রয়েছে, সেই প্রতিভা বিকাশে তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনিও একসময় গিটার বাজানো শুরু করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তা চালিয়ে যেতে পারেননি। তবে নতুন প্রজন্ম যেন নিজেদের পছন্দ ও স্বপ্ন পূরণের সুযোগ পায়, সেটিই তিনি চান।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমেও তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
তিনি জানান, এবার দেশে প্রথমবারের মতো প্রায় ২২ লাখ শিশু ফুটবলে অংশ নিয়েছে। এদের মধ্য থেকেই ভবিষ্যতে ভালো খেলোয়াড় উঠে আসার সম্ভাবনা রয়েছে।
শিশুদের গাছপালা, পশু-পাখি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি, বিদ্যালয় কিংবা আশপাশের পরিবেশে থাকা গাছ ও প্রাণীদের সুরক্ষায় শিশুদের দায়িত্বশীল করে তুলতে হবে। এমন মানসিকতাই একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।