
রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে পুলিশ। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পাশাপাশি নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও গ্রেফতার করা হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে নিয়াজ মেহেদী আরও বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার হওয়া দুজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে।
