
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার দাকোপ উপজেলা হয়ে মোংলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি মোংলায় পৌঁছান।
এর আগে, সকাল ১০টার দিকে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্টসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। পরে সেখান থেকে নলিয়ান লঞ্চঘাটে গিয়ে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুরের বিরতির পর মোংলায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ ছাড়া দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শন শেষে সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। বিকেল সাড়ে ৩টায় ওই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।
সফরের নির্ধারিত কর্মসূচি শেষে বৃহস্পতিবারই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
