Oplus_131072

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) যে প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে, সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি জানান, ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে সোমবার ইসির পক্ষ থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়। সেখানে প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপের ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের নির্বাচন ৩০ ডিসেম্বর করার সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট আয়োজনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে।
তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। তার দাবি, কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন হলেও নির্বাচনের এমন একটি সময়সূচি সম্পর্কে সরকার অবগত ছিল না।
ইসি জানিয়েছে, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হবে।
