
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আটটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ১০৮ প্লাটুন বিজিবি মাঠে দায়িত্ব পালন করছে। পাশাপাশি অতিরিক্ত চার প্লাটুন সদস্যকে প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখছেন বিজিবি সদস্যরা।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় সতর্ক নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে, সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ পর্যবেক্ষণ দল কাজ করছে। আধুনিক প্রযুক্তি, ড্রোন ও বডি ক্যামেরার মাধ্যমে সংগৃহীত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের নিরাপদ চলাচল এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
