
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে শফিকুর রহমান অভিযোগ করেন, রাত ৩টার পর সাদিক কায়েমের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াত আমির।
এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
