
নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটির সাজেকে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন পর্যটকরা। তবে পথে দুটি আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধের কারণে সকাল সাড়ে ৯টার দিকে তাদের সাময়িকভাবে থেমে যেতে হয়।
এর আগে বুধবার সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। সংগঠন দুটির ঘোষণার পর পর্যটকদের দ্রুত সাজেক ত্যাগ করার অনুরোধ জানানো হয়।
এদিকে অবরোধের প্রভাবে সাজেকের পর্যটন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। পরিস্থিতির কারণে অনেক পর্যটক আগাম রিসোর্ট বুকিং বাতিল করেছেন। এতে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটননির্ভর অন্যান্য পেশার মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
সাজেকের সড়কে অবরোধের কারণে পর্যটকদের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দৈনন্দিন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
