
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে নেত্রকোণা শহরের পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া অপূর্ব দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। দুর্গাপুরের আলোচিত ব্যক্তি তাজুল ইসলামের সহযোগী হিসেবে তার পরিচয় রয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশের একটি দোকানে অবস্থানকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ।
লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের ঘটনা নিয়ে লেখালেখি করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর আগেও আলিফ হামলার শিকার হয়েছিলেন। গত বছরের ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।
সর্বশেষ হামলার দিন তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশের একটি দোকানে চা পান করে বের হওয়ার সময় দুই যুবক তার ওপর গুলি চালায় বলে জানা গেছে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া যুবকের সম্পৃক্ততা এবং ঘটনার পেছনের কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
