জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, হবে নতুন কারাগারও

লেখক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় একটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণের কাজ চলছে। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাইতুল লিংক রোডের পাশে নতুন কারাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ওই এলাকায় বসবাসরত মানুষের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন সময়ে সেখানে গড়ে ওঠা অবৈধ বসতিগুলোর বাসিন্দাদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে সুশাসনের আওতায় এনে সন্ত্রাস ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পুলিশ, বিজিবি, র‍্যাব এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা থাকলে প্রত্যাবাসন বাস্তবায়ন সম্ভব। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাসহ নানা ধরনের সমস্যা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ক্যাম্পের নিরাপত্তা জোরদারে সেখানে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া মেরামত এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।