Oplus_131072

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, রাজীব হোসেনকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি অফিস আদেশে কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
এর আগে শাহ আলী থানায় দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর ডিএমপি সদর দফতরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।
এদিকে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শাহ আলী থানার কাছাকাছি হওয়ায় ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি রাজীব হোসেনের অধীনে শাহ আলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, সেটিই এখন দেখার বিষয়।
