
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (৩ অক্টোবর) শুরু হওয়া এ সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশ নেবেন তিনি। সফরের অংশ হিসেবে মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শনের কথা রয়েছে।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন সেনাপ্রধান।
সফর চলাকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
