
রাজধানীর সড়কে অটোরিকশার সংখ্যা ও চলাচলের কারণে ঢাকার স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অটোরিকশাকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, পুনঃখননের কাজ শেষ হলে ধানমন্ডি লেকে আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পরিবেশ রক্ষার উদ্যোগ বাস্তবায়নে দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি।
ধানমন্ডি লেকে ময়লা না ফেলা এবং রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন মন্ত্রী।
এ সময় ঢাকার অন্যতম বড় সমস্যা হিসেবে জলাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা কমাতে ৩৫০ কোটি টাকার অর্থায়ন নেওয়া হয়েছে।
