শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহায়তা বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত উন্নয়ন সহযোগী। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কমনওয়েলথ শিক্ষাবৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়েও সহযোগিতা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।
এ ছাড়া দেশের মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতেও যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দনবার্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে দেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।