
আগামী সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার কথা রয়েছে। ওই বৈঠকের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ইউনিয়ন পরিষদগুলোতে কোন সময়ের মধ্যে এবং কত ধাপে ভোট আয়োজন করা হবে, বৈঠকের পর সে বিষয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা জানানো হবে।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরের উদ্যোগ নিয়েও কথা বলেন এই নির্বাচন কমিশনার। তিনি জানান, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা সম্পর্কে নেপাল আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ চালুর বিষয়টি নিয়ে দেশটির নির্বাচন কমিশন কাজ করতে আগ্রহী।
এছাড়া ভোটার প্রশিক্ষণ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহ দেখিয়েছে বলেও জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।
