শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সকালে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাকারবারীরা কৌশলে এসব ওষুধ সীমান্ত দিয়ে দেশে আনার চেষ্টা করছিল।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।