২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা সরকারের

লেখক:
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী দিনে দেশে অন্তত ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬ প্রণয়নের কাজ এগিয়ে চলছে। শিগগিরই নীতিমালাটির খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদনশিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএমই পণ্যের গুণগত মান উন্নয়ন, আকর্ষণীয় প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগ ও বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত মোট আটজন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন।

জাতীয় এসএমই পণ্য মেলায় এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।