সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

সকালে প্রথমে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি।

রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে শোকের সুর।

পরে তিন বাহিনীর পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। মুক্তিযুদ্ধে তাদের সাহসী ভূমিকা দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।