
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পতাকা একটি বাহিনীর সম্মান, ঐতিহ্য ও দায়িত্বের প্রতীক। এর মর্যাদা সমুন্নত রাখতে প্রত্যেক সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসের সঙ্গে সেনাবাহিনীর অবদান গভীরভাবে জড়িয়ে রয়েছে। দেশের সংকটময় সময়ে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় নিরাপত্তা ও দেশের অগ্রযাত্রায় এই বাহিনীর পেশাদারত্ব বজায় রাখা জরুরি।
বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আধুনিক যুদ্ধব্যবস্থা ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্য সামনে রেখে আধুনিক সামরিক সরঞ্জাম, প্রযুক্তিগত দক্ষতা এবং দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশিত ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ নীতি বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ তার অবস্থান অটুট রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সমতা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, সন্ত্রাস দমন কার্যক্রম এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতি হিসেবে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করা হয়।
জাতীয় পতকাপ্রাপ্ত ইউনিটগুলো হলো—৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।
