
নিজস্ব প্রতিবেদক
সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই মন্ত্রীদের বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হলে ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের নিয়োগ, জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং চাঁদাবাজির মতো ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তাঁর ভাষায়, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি আওয়ামী লীগের শাসনামলের মতো কর্তৃত্ববাদী পথে এগোচ্ছে।
তিনি আরও দাবি করেন, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ধর্মীয় অনুষ্ঠান ও ওয়াজ-মাহফিল আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকায় সরকারি বরাদ্দ বণ্টনের ক্ষেত্রেও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা বেশি সুবিধা পাচ্ছেন, অথচ বিরোধী দলের প্রতিনিধিরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে জামায়াতের একটি ওয়ার্ড কমিটির কর্মসূচি আয়োজন করতে না দেওয়ার অভিযোগও তোলেন গোলাম পরওয়ার। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে সেখানে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি পালনে বাধা থাকবে কেন?
এদিকে দেশের ফাজিল ও কামিল মাদরাসাগুলোর বিদ্যমান গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি।
