আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক | আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জারি করা বিমান চলাচলসংক্রান্ত নোটিশ অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত থাকবে।

সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত। বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় কার্যক্রম চালুর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, হামলার প্রভাবে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। বিশেষ করে রাজধানী রিয়াদের আকাশপথে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সাম্প্রতিক এই পরিস্থিতিকে সৌদি আরবের বিমান চলাচল খাতের জন্য বড় ধরনের সংকট হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং উড়োজাহাজের জ্বালানির উচ্চমূল্যের কারণে আগে থেকেই চাপের মুখে রয়েছে এ খাত। এর মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিমান সংস্থাগুলোর কার্যক্রম ও মুনাফার ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।