ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, মহানগর উত্তর যুবদলের কমিটি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্তের কথা জানায়। বিএনপির পক্ষ থেকে কমিটি বিলুপ্তির পাশাপাশি কয়েকজন নেতাকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের কথাও জানানো হয়েছে।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এদিকে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। যুবদলের সংশ্লিষ্ট নেতারা এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন— ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্য সচিব ওমর নাইম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান।
এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের চার নেতাকেও সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন শাহআলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহআলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।
দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হতে পারে।