জেলা হাসপাতালে ১০ ও মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসানোর উদ্যোগ

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

দেশের সরকারি হাসপাতালগুলোতে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমানে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমতে পারে।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা হৃদরোগের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। তাদের মতে, বুকের ব্যথাকে অনেক সময় গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করা হয়। তাই বুকের ব্যথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাক পরিহার, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।