
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি এখনও বহাল রয়েছে। তবে সফর আয়োজন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক ও উপযুক্ত সময় বিবেচনা করেই সফরের তারিখ নির্ধারণ করা হবে।
তিনি জানান, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।
দুই দেশের ব্যক্তিগত ও পারস্পরিক সম্পর্কের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতিও ভারতের ইতিবাচক মনোভাব রয়েছে বলে উল্লেখ করেন হাইকমিশনার।
