
শিল্পকারখানায় উৎপাদন সচল রাখতে আগামীকাল মঙ্গলবার থেকে প্রয়োজন অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতারা সরকারের কাছ থেকে পাওয়া বিভিন্ন আশ্বাসের কথা জানান।
এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, ব্যবসায়ীরা সরকারের ওপর আস্থা রাখতে চান। একই সঙ্গে শিল্প ও ব্যবসা পরিচালনায় সরকারের নেওয়া পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ২০২৮ সালের আগেই আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন টার্মিনালসহ সরকারের মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের স্থলভাগেও এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে কাজ করছে সরকার।
ব্যবসায়ীরা আশা করছেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে শিল্প উৎপাদন বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশও আরও স্থিতিশীল হবে।
