প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:২৩ এএম
ইভিএমে কারচুপি হতে পারে এমন শঙ্কায় বৃষ্টির মধ্যে সিল করা স্ট্রং রুম পাহারা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল ) নিজ কেন্দ্র বালিগঞ্জের লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন তিনি।
মমতা ব্যানার্জি তাঁর কেন্দ্রের নির্বাচনী এজেন্টকেও সাথে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও স্ট্রং রুমের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
এর আগে একটি কেন্দ্রের সিল করা স্ট্রংরুমের ভেতর নিয়ম না মেনেই বাইরের লোক অবাধে যাতায়াত করছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেলে এক ভিডিওবার্তায় ইভিএমে কারচুপির শঙ্কা প্রকাশ করেন তিনি এবং দলীয় কর্মীদের স্ট্রংরুমে কড়া নজর রাখার নির্দেশ দেন।
তৃণমূল নেত্রী অভিযোগ করেন, তাদের এজেন্ট গ্রেফতার হয়েছেন, অনেকগুলো একপেশে ব্যাপার হয়েছে। এরপরও যদি কেউ ইভিএম মেশিনে চুরি করার চেষ্টা করে, যদি কেউ গণনা চুরি করার চেষ্টা করে, তাহলে তারা একসঙ্গে জীবন-মরণের লড়াইয়ে নামবো।” আগামী ৪ মে ভোটগণনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে।


















