
দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন মূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা।
