কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

কুমিল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ কিশোরদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনার পর কিশোর গ্যাংবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, ওই হত্যাকাণ্ডে জড়িত চারজনের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেও অভিযান চালানো হয়। সেখানে ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ‘রতন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত চারজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও জেলার অন্যান্য থানা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন কিশোর ও তরুণদের আটক করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এর আগে ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।