শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

ঢাকার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, শাহ আলী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ওই দিন বিকেলে ডিএমপি সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন।
পরে প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ অর্থসহ মালামাল লুটের অভিযোগ পাওয়া যায়। হামলাকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্থাপনাটির ব্যাপক ক্ষতি করে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর মধ্যেই প্রশাসনিক কারণ দেখিয়ে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হলো।