
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় বাস ও বালুবাহী হাইড্রোলিক ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন বাসযাত্রীর মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
