হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

ইরানে বাধ্যতামূলক হিজাবনীতি অমান্য করে গান পরিবেশনের অভিযোগে জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিসহ পাঁচজনকে ৭৪ বার করে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির শিল্পী সমাজ ও মানবাধিকারকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইরানের কোম শহরে এই শাস্তি কার্যকর করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) আইনজীবীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় পারাস্তু আহমাদি হিজাব ছাড়াই একটি সংগীতানুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটির ভিডিও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। তার পোশাক ও পরিবেশনা ইরানের প্রচলিত বিধিনিষেধের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ তোলে কর্তৃপক্ষ।

পরবর্তীতে চলতি বছরের জুনে একটি ফৌজদারি আদালত আহমাদিসহ সংশ্লিষ্ট কয়েকজনকে দোষী সাব্যস্ত করে। তাদের বিরুদ্ধে জনশালীনতা নষ্ট এবং আপত্তিকর বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়। তবে অভিযুক্তরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন।

আদালত বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য অডিওভিজ্যুয়াল কার্যক্রমে অংশগ্রহণ ও দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে আপিল আদালতও আগের রায় বহাল রাখে।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাদের মতে, ব্যক্তিগত পোশাক নির্বাচন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে এমন শাস্তি মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী।

মানবাধিকারকর্মীদের অভিযোগ, ইরানে নারীদের পোশাক ও সাংস্কৃতিক স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধ দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিচ্ছে। বিশেষ করে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে বাধ্যতামূলক হিজাবনীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো হয়।

সাম্প্রতিক এই ঘটনা আবারও ইরানে নারীর অধিকার, পোশাকের স্বাধীনতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।