
রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে বস্তি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় কড়াইল ও ভাষানটেক এলাকাকে আধুনিক ও আদর্শ বসতি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান।
মন্ত্রী জানান, ঢাকা শহরের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বিবেচনা করছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতায় বস্তি এলাকার অবকাঠামো ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পের বিস্তারিত রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে তুলনামূলক কম সুদে ঋণ দিয়ে থাকে বিশ্বব্যাংক। তাই দেশের উন্নয়ন কার্যক্রমে সংস্থাটির আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ খাতে বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার সুরক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার অর্থায়নের কথাও জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী।
সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর বস্তি এলাকার জীবনমান উন্নয়নের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা ও সক্ষমতা বাড়বে।
