
রাজধানী ঢাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার পাশাপাশি একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে বাসটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া রাজধানীর পল্লবী থানার সামনে, মিরপুর-১ নম্বরে সনি হলের সামনে এবং মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
