
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি। টানা বৃষ্টিতে খেলার উপযোগী পরিবেশ তৈরি না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচটি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।
নিয়ম অনুযায়ী আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় কোনো বল না গড়িয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
অন্যদিকে, বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও নেপালের কোয়ার্টার ফাইনালও অনুষ্ঠিত হয়নি। র্যাংকিংয়ের নিয়মে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে। সেখানে তাদের মুখোমুখি হবে ভারত।
