মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

লেখক:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

ঢাকার মিরপুরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা ও জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশুকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
​গত ২৫ সেপ্টেম্বর রাতে প্রায় দুই শতাধিক লোক মিরপুরের ওই স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে এক্সকাভেটর ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির বেশ কিছু স্থাপনা পুরোপুরি ভেঙে ফেলা হয়।
​ঘটনার সময় পুলিশের গাফিলতির অভিযোগ উঠলে শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাদের নাম জড়ানোর পর ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়।
​এছাড়া, এ ঘটনার জেরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রধানমন্ত্রীর নির্দেশে গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।