ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি

লেখক:
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সভায় ওয়ার্ডভিত্তিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাদের পাশে থাকার বিষয়েও দলীয় নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের তৎপরতার ওপর কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেন নাহিদ ইসলাম।

সভায় এনসিপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।