নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

লেখক:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে ফতুল্লার গাবতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি ইজিবাইক গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজের পাশে থাকা কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় তা আশপাশের আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।