আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফেরালো বিজিবি

লেখক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সারাদেশ ডেস্ক
নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেরত আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে নাফ নদীর শূন্যরেখায় বিজিবির একটি প্রতিনিধি দলের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করে আরাকান আর্মি। পরে বিজিবি সদস্যরা জেলেদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসেন।
টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত জলসীমা অতিক্রম করায় বেশ কয়েকজন জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে রাখা হয়।
তিনি বলেন, মানবিক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবির ধারাবাহিক কূটনৈতিক ও মধ্যস্থতার উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার ২৪ জনকে ফেরত আনা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই-বাছাইয়ের পর পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কার্যক্রমে যুক্ত রয়েছে।
বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মির হাতে মোট ৪৩৪ জন জেলে আটক হয়েছেন। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা নাগরিক।
এ সময়ের মধ্যে বিজিবির উদ্যোগে ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা।
বর্তমানে আরাকান আর্মির হেফাজতে আরও ৮৬ জন জেলে রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক। তাদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।