প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
২০২৭ সালের হজকে সামনে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্যাকেজের বিস্তারিত তুলে ধরা হয়।
ঘোষিত তথ্য অনুযায়ী, সবচেয়ে সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। এছাড়া সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা।
হাব আরও জানিয়েছে, হজযাত্রীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজও প্রস্তাব করতে পারবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।












