প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:১৮ এএম
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টায় তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মত সিলেটে পা রাখলেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর আগে, গত ২১ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল (রহ.) মাজারে যাবেন প্রধানমন্ত্রী। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন এবং বাইশা নদী পুনঃখনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
এরপর, বিকেলে সিলেট স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তারেক রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীসহ জেলাবাসী। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


















