প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম
বৃষ্টিতে চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে তিনি দুঃখ প্রকাশ করেন।
এ সময় সরকারপ্রধান বলেন, চট্টগ্রাম শহরের একটি বড় অংশ এখন তলিয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। এরইমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। উনি এর মধ্যেই সমস্যা সমাধানে চেষ্টা করছেন। কিন্তু এখন তো এটি অনেক বড় একটি জলাবদ্ধতা হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এটি নিরসনে একটু সময় লাগবে।
চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।
জলাবদ্ধতার পেছনে জনসচেতনতার অভাবকে দায়ী করে এই সমস্যা নিরসনে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেছেন, বিভিন্ন ড্রেন ও খালগুলোতে প্লাস্টিক বোতল, পলিথিনসহ নানা বর্জ্য ফেলায় পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। সরকার পরিষ্কার করার কয়েকদিনের মধ্যেই আবার ময়লা ফেলে ব্লক করে দেয়া হচ্ছে। এখানে সব সংসদ সদস্যের প্রতি আমার বিনীত অনুরোধ-আসুন আমরা জনসচেতনতা বৃদ্ধি করি। প্লাস্টিক বা পলিথিন কীভাবে ডিসপোজ করতে হয়, তা জনগণকে শেখাতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব।

















