নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে উন্নীত

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদে উন্নীত করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য তাকে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন তিনি। দেশ-বিদেশে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি অর্জন করেছেন।
দীর্ঘ সামরিক জীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম নৌ অঞ্চল ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া নৌ সদর দফতরে পরিচালক নৌ অপারেশনস ও পরিচালক নৌ পরিকল্পনা হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক হিসেবেও তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা রাখেন।
দীর্ঘ কর্মজীবনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।